বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন (সিএইচকিউ)
নয়াদিল্লি-১১০০০৮
বিএসএনএলইইউ-এর রজত জয়ন্তী যথাযথভাবে উদযাপন করুন।
প্রিয় কমরেডগণ,
বিএসএনএলইইউ হলো বিএসএনএল-এর ঐক্যবদ্ধ ট্রেড ইউনিয়ন আন্দোলনের অগ্রদূত। আগামী ২২-০৩-২০২৬ তারিখে এটি তার প্রতিষ্ঠার রজত জয়ন্তী বর্ষ উদযাপন করতে চলেছে। ম্যাঙ্গালোর সিইসি-র সভায় বছরজুড়ে কার্যকরভাবে বিএসএনএলইইউ-এর রজত জয়ন্তী উদযাপনের আহ্বান জানানো হয়েছে। সিএইচকিউ বিএসএনএলইইউ-এর কিছু গুরুত্বপূর্ণ অর্জিত অধিকার তুলে ধরতে এই সংক্ষিপ্ত নোটটি প্রস্তুত করেছে।
বিএসএনএলইইউ—ঐক্য ও সংগ্রামের অগ্রদূত।
২০০০ সালে ডিটিএস এবং ডিটিও বিভাগগুলোকে বিএসএনএল-এ রূপান্তর করার ক্ষেত্রে সরকারের প্রধান উদ্দেশ্য ছিল পর্যায়ক্রমে কোম্পানিটির বিলগ্নীকরণ এবং চূড়ান্তভাবে এটিকে বেসরকারীকরণ করা। তবে, ২৫ বছর পূর্ণ হওয়ার পরেও, বিএসএনএল একটি ১০০% সরকারি কোম্পানি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি বিএসএনএল-এর ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটি উল্লেখযোগ্য সাফল্য, যার নেতৃত্বে ছিল বিএসএনএলইইউ।
সরকার তার বেসরকারিকরণের নীতি এবং বিএসএনএল-বিরোধী নীতির মাধ্যমে বিএসএনএল-কে দুর্বল করতে সক্ষম হয়েছে। স্বেচ্ছাবসর (VRS) এর মাধ্যমে প্রায় ৮০,০০০ কর্মচারীকে ছাঁটাই করতেও সক্ষম হয়েছে। তা সত্ত্বেও, বিএসএনএল আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবেই রয়ে গেছে। কর্মচারীদের সংগঠিত সম্মিলিত সংগ্রামের ফলেই বিএসএনএল দেরিতে হলেও তার ৪জি পরিষেবা চালু করতে পেরেছে।
এটা এক অনস্বীকার্য সত্য যে, শুধুমাত্র বিএসএনএলইইউ-এর প্রচেষ্টার ফলেই বিএসএনএল-এ ট্রেড ইউনিয়ন ও সমিতিগুলোর যৌথ মঞ্চ তৈরি হয়েছিল। এই যৌথ মঞ্চের ব্যানারেই কর্মচারী ও কর্মকর্তারা নিরলসভাবে বিভিন্ন সংগ্রাম চালিয়ে গেছেন। এই সংগ্রামগুলোর ফলেই বিএসএনএল আজও একটি ১০০ শতাংশ সরকারি সংস্থা হিসেবে টিকে আছে। নিঃসন্দেহে, বিএসএনএল-এর ঐক্য ও সংগ্রামের অগ্রদূত হলো বিএসএনএলইইউ,
কর্মচারীদের ত্রাণকর্তা।
বিএসএনএলইইউ ২০০২ সালে সিডিএ বেতন স্কেল থেকে আইডিএ বেতন স্কেলে স্থানান্তরের মাধ্যমে কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি নিশ্চিত করতে মুখ্য ভূমিকা পালন করেছিল। আবার, বিএসএনএলইইউ ০১-০১-২০০৭ তারিখ থেকে কার্যকর ৩০% ফিটমেন্ট সহ একটি চিত্তাকর্ষক মজুরি সংশোধন নিশ্চিত করে। এর ধারাবাহিকতায়, বিএসএনএলইইউ ৭৮.২% আইডিএ নির্ধারণ নিশ্চিত করতে একটি অগ্রণী ভূমিকা পালন করে। নন-এক্সিকিউটিভ পদোন্নতি নীতি (এনইপিপি), যা নন-এক্সিকিউটিভ কর্মচারীদের ন্যূনতম ৪টি পদোন্নতির সুযোগ প্রদান করে, তা বিএসএনএলইইউ-এর একটি যুগান্তকারী অর্জন।
বিএসএনএলইইউ হাজার হাজার নিয়মিত মজদুরের জন্য রাষ্ট্রপতির আদেশ জারি নিশ্চিত করেছে, যাঁদের ৩০-০৯-২০০০ তারিখের আগে অস্থায়ী মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে নিয়মিত করা হয়। এই সাফল্যের মাধ্যমে, ঐ হাজার হাজার নিয়মিত মজদুর সরকারি পেনশনের জন্য যোগ্য হন। বিএসএনএলইইউ কর্তৃক বিভিন্ন নন-এক্সিকিউটিভ ক্যাডারে নতুন ও সম্মানজনক পদবি প্রবর্তনের ফলে কর্মীদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
সারা দেশে বিএসএনএলই একমাত্র লোকসানি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেখানে সফলভাবে একটি বেতন সংশোধন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএসএনএল-এর পরিচালক পর্ষদ এই বেতন সংশোধন চুক্তিটি অনুমোদন করে সরকারের অনুমোদনের জন্য পাঠিয়েছে। এটি বিএসএনএলইইউ-এর একটি উল্লেখযোগ্য সাফল্য। বিএসএনএলইইউ-এর ধারাবাহিক লড়াই এর প্রচেষ্টা ছাড়া এই বেতন সংশোধন চুক্তিটি স্বাক্ষরিত হতে পারত না।
সরকারি পেনশন বিপন্ন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
ডট (DoT) বিএসএনএল কর্মীদের সরকারি পেনশন থেকে বঞ্চিত করার জন্য একটি ষড়যন্ত্র করেছিল। তারা একটি আদেশ জারি করে জানায় যে, বিএসএনএল পেনশনভোগীদের পেনশন ব্যয়ের মাত্র ৬০% সরকার বহন করবে। এটি বিএসএনএল পেনশনভোগীদের সরকারি পেনশন থেকে বঞ্চিত করার একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। দুই দিনের সম্মিলিত ধর্মঘটের মাধ্যমে এই ষড়যন্ত্রটি ব্যর্থ করে দেওয়া হয়। ডট (DoT) আরেকটি আদেশ জারি করে জানায় যে, বিএসএনএল পেনশনভোগীদের সম্পূর্ণ পেনশন ব্যয় সরকার বহন করবে। এই ষড়যন্ত্রটি ব্যর্থ করতে বিএসএনএলইইউ (BSNLEU) প্রধান ভূমিকা পালন করেছিল।
শ্রমজীবী নারীদের মর্যাদার সমর্থনে
এটি সর্বজনবিদিত যে, বিএসএনএলইইউ যৌন হয়রানির বিরুদ্ধে এবং বিএসএনএল-এ কর্মরত নারীদের মর্যাদা রক্ষার জন্য দেশব্যাপী সংগ্রামের আয়োজন করেছিল। ম্যানেজমেন্টের তীব্র বিরোধিতা সত্ত্বেও একমাত্র বিএসএনএলইইউ-ই বিএসএনএল-এর নারী কর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ (সিসিএল) বাস্তবায়ন নিশ্চিত করেছে। বিএসএনএল-এ সিসিএল-এর বাস্তবায়ন বিএসএনএলইইউ-এর একটি যুগান্তকারী সাফল্য।
রজত জয়ন্তী যথাযথভাবে উদযাপন করতে আহ্বান জানানো হচ্ছে।
সিএইচকিউ সার্কেল এবং জেলা ইউনিয়নগুলোকে বছরজুড়ে যথাযথভাবে বিএসএনএলইইউ-এর রজত জয়ন্তী উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছে। উপরে বর্ণিত বিএসএনএলইইউ-এর উল্লেখযোগ্য অর্জনগুলো পোস্টার, প্যামফলেট, বিশেষ সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া উচিত।
-অনিমেষ মিত্র, সাধারণ সম্পাদক |